ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে হ্যাটট্রিক করে একাধিক রেকর্ডও গড়েছেন তিনি।
ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট থেকে ফিরে আসা বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৭৬ মিনিটে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।
এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এতে তিনি কিলিয়ান এমবাপ্পে, গার্ড মুলার ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে উঠে এসেছেন। সমান ১৬ গোল রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসারও।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলারের রেকর্ডও গড়েছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে তিনি ভেঙেছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আগের রেকর্ড। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।
এ ছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিতেও রোনালদোর পাশে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন তিনি। শুধু ২০১০ বিশ্বকাপে গোল পাননি।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতাদের তালিকায়ও তৃতীয় স্থানে উঠে এসেছেন মেসি। তাঁর সামনে আছেন শুধু ক্যামেরুনের রজার মিলা এবং পর্তুগালের পেপে।
ম্যাচে প্রথম গোল করার পর উদ্যাপনের সময় মেসির চোখে জল দেখা যায়। বিশ্বকাপে নিজের শেষ অভিযানের সম্ভাব্য প্রথম ম্যাচে গোল করার আনন্দ ও আবেগে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। আর মেসির এমন দুর্দান্ত সূচনায় নতুন করে উৎসবে মেতেছে আর্জেন্টিনা সমর্থকেরা।
@ইয়াসমিন রিমা