ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার একটি আদালত রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই তারিখ নির্ধারণ করেছেন।
বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নতুন এই তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত একটি অনলাইন সভায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। সেখানে অন্তর্বর্তী সরকারবিরোধী বক্তব্য ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
বুধবারের শুনানিতে কারাগারে থাকা ২৬ জন আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে ২১ জন পুরুষ ও পাঁচজন নারী ছিলেন। কয়েকজন আসামির পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন এবং অন্য কয়েকজনের আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান।
আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন।
@ইয়াসমিন রিমা