ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ ইনের চেষ্টা করা ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়।
শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির টহল দলের তৎপরতায় পুশ ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “২০ জন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
@ইয়াসমিন রিমা