ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে কখনো ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ড. ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, যা পরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে মাহফুজ আলম এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও “মাস্টারমাইন্ড” শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি নেতিবাচক শব্দ। সাধারণত কোনো অপরাধ বা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বোঝাতে এ শব্দ ব্যবহৃত হয়।’
তিনি দাবি করেন, তাকে নিয়ে ড. ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম যে বক্তব্য দিয়েছেন, সেখানেও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ছিল না। তার ভাষায়, ‘স্যার খুবই স্পষ্টভাবে “ব্রেইনস বিহাইন্ড” শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা ও বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, ‘আমরা কি কখনো বলি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান, ইয়াহিয়া শাসনামল ও পাকিস্তানের সামরিক জান্তা বলেছিল। আজ একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ।’
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ-এ অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন-এর সঙ্গে আলাপকালে সফরসঙ্গী কয়েকজনকে পরিচয় করিয়ে দেওয়ার সময় মাহফুজ আলমকে ‘ব্রেইনস বিহাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন বলে জানা যায়।
@ইয়াসমিন রিমা