ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও উঠেছে।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে নিজ বাড়িতে আসা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়। হামলায় সাকিব হাছান খাঁন ছাড়াও মুকুল, রাজিব, রুবেল, ফারুক ও ডালিয়া আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।
এদিকে প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
@ইয়াসমিন রিমা