ভেতরের খবর নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (তারিখ) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর কিছু সময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপের মধ্যে একটি খণ্ডিত মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা