ভেতরের খবর নিউজ ডেস্ক: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন।
তবে মূল বিজ্ঞপ্তিতে থাকা ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে সুপারিশ করা হয়েছে মাত্র ১ হাজার ৩২০ জনকে। ফলে ২ হাজার ১৬৭টি ক্যাডার পদ শূন্য থেকে গেছে।
পিএসসি জানিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও প্রকৌশলসহ বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এসব পদ পূরণ করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থী নির্ধারিত ন্যূনতম নম্বর অর্জন করতে পারেননি।
এর আগে প্রার্থীরা ক্যাডার ও নন-ক্যাডার পদ বাড়ানোর দাবি জানালেও এবার নতুন পদ যুক্ত হয়নি। বরং যোগ্য প্রার্থীর অভাবে বিপুলসংখ্যক পদ খালি রাখতে হয়েছে।
এদিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে পিএসসি ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি গ্রহণ করেছে, যা ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
@ইয়াসমিন রিমা