ভেতরের খবর নিউজ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর কাছে ‘ঘুষের টাকা’ ফেরত দাবি করে এক নারীর ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ঘটে যাওয়া এ ঘটনার পর রেহেনা বেগম (উর্মি) নামে ওই নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি দাবি করেন, ছেলেকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও তাঁর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। তবে ইউএনও আফরোজ শাহীন খসরু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তিনি কখনো তাঁর দপ্তরে আসেননি।
ফেসবুক লাইভে দেখা যায়, ইউএনওর পথরোধ করে ওই নারী কান্নাজড়িত কণ্ঠে টাকা ফেরত চান। এ সময় ইউএনও জানতে চান, কোথায় এবং কীভাবে টাকা দেওয়া হয়েছে। জবাবে নারীটি দাবি করেন, ছয় মাস আগে ইউএনওর অফিসেই তিনি টাকা দিয়েছেন।
ঘটনার পর ইউএনওর সমর্থনে তেঁতুলিয়ায় দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিযোগটিকে ষড়যন্ত্র দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এদিকে রেহেনা বেগম দাবি করেন, অভিযোগ দেওয়ার পর তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভয়ভীতির কারণে তিনি বাড়িতে ফিরতে পারছেন না।
তবে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানিয়েছেন, অভিযোগের তদন্ত শেষে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা