ভেতরের খবর নিউজ ডেস্ক: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে সমাবেশে হামলা চালানো হয়েছে এবং এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে বিস্ফোরণের পর নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ বন্ধ করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এটি এনসিপির কর্মসূচি বানচালের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং এ ঘটনার জবাব সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, হামলার পরও এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভয়ভীতি বা হামলায় তাদের আন্দোলন থামবে না এবং বিচার, সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবিতে দলটির কর্মসূচি চলমান থাকবে।
@ইয়াসমিন রিমা