ভেতরের খবর নিউজ ডেস্ক: ময়মনসিংহ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকায় মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার জেরে ভাড়াটিয়া রাজিব আহম্মেদ রুবেলকে হত্যার অভিযোগে চার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় এক মাস আগে রুবেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিকের আপত্তি ছিল। অভিযোগ রয়েছে, তিনি বাসায় বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এ কারণে তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলা হয়। তবে তিনি জোর করে সেখানে থাকতে চাইতেন।
তদন্তে জানা যায়, রোববার সকালে রুবেল বাড়িওয়ালা ও তার ছেলের কক্ষের দরজায় লাথি মেরে ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে বাড়ির মালিকের চার ছেলে পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সুপার জানান, গ্রেফতার চার ভাই জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। তাদের দাবি, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার প্রতিশোধ নিতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
উল্লেখ্য, রোববার সকালে ময়মনসিংহ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি ভাড়াবাসা থেকে রাজিব আহম্মেদ রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
@ইয়াসমিন রিমা