ভেতরের খবর নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতনসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তারা এই কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির বিষয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
@ইয়াসমিন রিমা