ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠন ও ওয়ারিশ-সংক্রান্ত জটিলতার মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা পদত্যাগ করেছেন। বুধবার রাতে নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে তারা এ ঘোষণা দেন।
আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন হয়নি। দীর্ঘদিন ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করেও সমাধান না হওয়ায় প্রয়োজনীয় দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদার ওয়ারিশদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দায়িত্বকালীন আর্থিক হিসাব দ্রুত প্রকাশেরও আশ্বাস দেন।
অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা বলেন, ওয়ারিশ-সংক্রান্ত বিরোধ, অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি জানান, সেন্টারটি ওয়ারিশদের কাছে হস্তান্তর করা হবে এবং দায়িত্বকালীন আর্থিক হিসাবও প্রকাশ করা হবে। একই সঙ্গে ইনকিলাবের আদর্শ ও সাংস্কৃতিক সংগ্রাম অন্য মাধ্যমে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
@ইয়াসমিন রিমা