ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে শেয়ার থাকার অভিযোগে ৬ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে অফিস সময়ে অনুপস্থিত থাকা ও সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি হাসপাতালে কর্মরত থাকার অভিযোগে আরও দুই চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৫ জুলাই জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক তদন্তে ৬ চিকিৎসকের স্থানীয় ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে রুমালি খাতুন এবং সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি সিটি হাসপাতালে কর্মরত থাকার অভিযোগে ডা. সামছুল আলম রাশেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ডা. রাশেদকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
প্রজ্ঞাপনে অভিযুক্তদের ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে শেয়ার ও সম্পৃক্ততার অভিযোগ তুলে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠান। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা