ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কী বলছেন, সেটি প্রাসঙ্গিক নয়; তাকে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হবে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তি ও আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ও কাজ করছে। ভারতের সহযোগিতা বা আইনি জটিলতার বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আইনি বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখছে, আর পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব অনুযায়ী কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
@ইয়াসমিন রিমা