ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘যত সহজে অনেকে আরেকটি গণ-অভ্যুত্থানের কথা বলেন, বাস্তবে আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না।’ তার ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ও আত্মত্যাগ ছিল, পরবর্তী সময়ে তা ভেঙে গেছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে এবং আন্দোলনের আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনে অংশ নেওয়া সব শ্রেণির মানুষের জন্য যে সহনশীল পরিবেশ তৈরি হয়েছিল, তা কেন ধরে রাখা গেল না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর এবং একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর বিষয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরও দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে। আলোচনা সভায় রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।
@ইয়াসমিন রিমা