ভেতরের খবর নিউজ ডেস্ক: অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের দুই গোলে সুইজারল্যান্ডকে ৩–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১–১ সমতা থাকলেও অতিরিক্ত সময়ের শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্জেন্টিনার দুই স্ট্রাইকার।
ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় সুইসরা।
শেষ পর্যন্ত ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে (১২০+১ মিনিট) লাওতারো মার্তিনেজ আরেকটি গোল করলে ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
@ইয়াসমিন রিমা