ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের এক টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ভোর থেকে ক্যাম্পাসসংলগ্ন চারুকলা এলাকায় শুরু হওয়া এই অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকামুখী বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে আটকে রয়েছে।
অভিযোগকারী ফোরকান উদ্দীন, রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর দাবি, সোমবার রাতে পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে কয়েকজন টিটিইকে রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা নিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এতে এক টিটিই তাঁর গলা চেপে ধরেন, মারধর করেন এবং টেনেহিঁচড়ে ফেলে দেন।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা অভিযুক্ত টিটিইর উপস্থিতি, ঘুষের অভিযোগে স্থায়ী বহিষ্কার, হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করছেন। তাদের ঘোষণা, অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে।
এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, অবরোধের কারণে নির্ধারিত সময়েও ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
@ইয়াসমিন রিমা