ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজন হলে আরও ভালো সিদ্ধান্ত নেবেন। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই মন্ত্রিসভায় রদবদল হবে, নাকি আরও কিছু সময় লাগবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ সময় জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত ব্যবস্থা তদারকির জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি হতে পারে।
@ইয়াসমিন রিমা