ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শিক্ষা উপকূলীয় জেলে সম্প্রদায়ের দীর্ঘদিনের দারিদ্র্য, অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার আমূল পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরের দক্ষিণ হালিশহরের আকমল আলী ঘাট বেড়িবাঁধ এলাকায় স্বপ্নীল মডেল একাডেমিতে আয়োজিত মানবিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জেলে পরিবারের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে, যাতে তারা শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ আহরণে যুক্ত হতে পারে। একই সঙ্গে সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, মৎস্যজীবী ও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০০ জেলে পরিবারের মধ্যে খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের পুনর্বাসনের জন্য ১২ বান্ডেল ঢেউটিন ও ৩৬ হাজার টাকার চেক দেওয়া হয়। ১১৮ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও দুটি করে খাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্থানীয় জেলে পল্লী পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আবাসন, শিক্ষা, সুপেয় পানি, নিরাপত্তা ও জীবিকাসংক্রান্ত সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
@ইয়াসমিন রিমা