ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বিস্ফোরণের শব্দে উড়ে আসা কোনো বস্তুর আঘাতে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজের বাম চোখে গুরুতর আঘাত লাগে। তার বন্ধু শামছুল হক প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।
শামছুল হক জানান, রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষে রিকশা থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে নামার পর হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই উড়ে আসা কোনো বস্তু মিরাজের চোখে আঘাত করে। তবে সেখানে বোমা বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা


