ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এতে দুই দলের মধ্যে সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এনসিপির নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটি আপাতত একক প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার আগে জোট বা সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রয়োজন হলে সরকারি দলের বাইরে বিরোধী প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিভিন্ন দলের মধ্যে সমঝোতা হতে পারে।
সূত্র জানায়, জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী করার ফলে আসিফ মাহমুদ জামায়াতের সমর্থন পাবেন না এমন ধারণা জোরালো হয়েছে। এ অবস্থায় তিনি শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণেই নির্বাচন করবেন, নাকি অন্য কোনো সিটিতে প্রার্থী হবেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে আসিফ মাহমুদ বলেছেন, তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কোনো না কোনো নির্বাচনী বোঝাপড়া হতে পারে বলে তিনি আশা করছেন। তবে সেটি জামায়াত জোটের ভেতরে হবে নাকি বাইরে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
@ইয়াসমিন রিমা