ভেতরের খবর নিউজ ডেস্ক: সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমর, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিশবাহ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সংগঠন সম্প্রসারণ ও যোগ্য-জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এতে জি এস সাবিরকে আহ্বায়ক এবং মামুনুর রহমান আদনানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিব সারওয়ার।
নবগঠিত নেতৃত্ব ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
@ইয়াসমিন রিমা