ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করার কারণেই হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ছাত্র উপদেষ্টা হতে পারেননি।
মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে কর্মসূচি নেওয়ার কথা বললেও এনসিপির নেতারা এখন আওয়ামী লীগের বিচার নিয়ে কথা না বলে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে এমপি হান্নান মাসউদের বক্তব্য থেকে বোঝা যায়, গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাহিদ ইসলামকে গ্রেপ্তারের পর বিএনপির নেতাদের বিরুদ্ধেও একই ধরনের পরিকল্পনা রয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেও ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপদেষ্টা হতে পারেননি। তার দাবি, ৭ আগস্ট এক ছাত্র উপদেষ্টা তাকে জানিয়েছিলেন, ‘হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে’, আর এ কারণেই তারা উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি।
তবে রাশেদ খাঁনের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা