ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক বিউটি রাণী পালকে ঘিরে শুরু হওয়া বিতর্কের প্রতিবাদে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবার (২৯ জুলাই) বিদ্যালয়ের পাঠদান সূচিতে যুক্ত করা হয়েছে ‘বর্ষার গান ও কবিতা’ নিয়ে একটি বিশেষ ক্লাস।
বিদ্যালয়ের শিক্ষক নাহিদা শাফিনাজ জানান, শিক্ষার্থীদের মননশীলতা, শিল্প-সাহিত্যের প্রতি আগ্রহ এবং শালীন প্রতিবাদের ইতিবাচক দিক তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বর্ষার গান, বর্ষা নিয়ে নিজেদের লেখা কিংবা খ্যাতিমান কবিদের কবিতা শিখে এসে পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে ঘিরে। নীল শাড়ি পরে হাঁটার সেই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ব্যবহারের পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়।
এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একই গান ব্যবহার করে সামাজিক মাধ্যমে সংহতি প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজও গান, কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল স্বাধীনতা ও ইতিবাচক সাংস্কৃতিক চর্চার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
@ইয়াসমিন রিমা


