ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশে বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল বিরোধী দল রয়েছে বলে মন্তব্য করেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মির্জা এম হাসান। সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে নেই, জামায়াত খুব একটা আত্মবিশ্বাসী নয় এবং এনসিপি ছোট দল হওয়ায় বিরোধী রাজনীতি দুর্বল অবস্থায় রয়েছে।
প্রশ্নোত্তর পর্বে মির্জা হাসান বলেন, দেশে বর্তমানে নিপীড়নের একটি ‘লঘু সংস্করণ’ দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও কঠিন রূপ নিতে পারে। তিনি অভিযোগ করেন, বিএনপি এনসিপির ওপর হামলা করছে এবং রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশাধিকার অনেকাংশে শক্তি ও সহিংসতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে জামায়াত অপেক্ষাকৃত সংযত অবস্থান নিয়ে নিজেদের উদার বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক ও নাগরিক শক্তির উত্থান হলেও তা টেকসই প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। ফলে পুরোনো রাজনৈতিক শক্তিগুলো আবারও সুবিধাজনক অবস্থানে ফিরে এসেছে। ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে ‘ডিরেক্ট ডেমোক্রেসি’ বা সরাসরি গণতন্ত্র নিয়ে আলোচনারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আইনজীবী সারা হোসেনসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা