ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর প্রথম ছুটির দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে সময়সূচি ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে নানা ভোগান্তির অভিযোগ করেছেন আগতরা।
শুক্রবার সকাল থেকেই জাদুঘরের সামনে দীর্ঘ সারি দেখা যায়। অনেক দর্শনার্থী আগের ঘোষিত সময় অনুযায়ী সকাল ১১টার মধ্যে পৌঁছালেও পরে জানতে পারেন, সেদিন দর্শনার্থীদের প্রবেশ শুরু হবে বিকেল ৩টা থেকে। এতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের।
এদিকে অনলাইনে টিকিট সংগ্রহ করতেও সমস্যার মুখে পড়েন অনেকে। ভুল তারিখে টিকিট কেটে ফেললেও তা বাতিল বা অর্থ ফেরতের সুযোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। তাদের দাবি, টিকিট পরিবর্তন ও রিফান্ডের ব্যবস্থা চালু করা হলে এমন ভোগান্তি কমবে।
দীর্ঘ অপেক্ষার একপর্যায়ে কয়েকজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের ধারণক্ষমতা সীমিত হওয়ায় ভবিষ্যতে স্লটভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত দর্শনার্থীর চাপ থাকলেও ধীরে ধীরে পুরো ব্যবস্থাপনা আরও সহজ ও সুশৃঙ্খল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
@ইয়াসমিন রিমা