ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বড়াইগ্রামের লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ জানায়, কয়েকজন গরু ব্যবসায়ী নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ‘আরআর পরিবহন’-এর বাসের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আক্কাস আলী ও জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়।
আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।