ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দলীয় ইতিহাস চর্চার কেন্দ্রে পরিণত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আগেও তাঁরা জাদুঘরটি পরিদর্শন করেছিলেন। এবার কিছু পরিবর্তন দেখতে পেয়েছেন, যা বর্তমান সরকার করেছে। তিনি দাবি করেন, জাদুঘরে সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা ও ফেলানির ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মোদি-বিরোধী আন্দোলনের কিছু ছবি ও স্মৃতিও সরানো হয়েছে।
তিনি বলেন, এসব পরিবর্তন ভারতকে খুশি করার উদ্দেশ্যে করা হয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে।
জুলাই জাদুঘরের জাতীয় চরিত্র নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো দলের ইতিহাস চর্চার জায়গা হওয়া উচিত নয় বরং প্রকৃত ইতিহাস তুলে ধরার স্থান হওয়া দরকার। অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস দলীয়করণের কারণে পাঠ্যপুস্তক ও ইতিহাসের বর্ণনায় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের এমন একটি জাতীয় চরিত্র থাকা উচিত, যেখানে সবাই নিজেদের ইতিহাসের অংশ হিসেবে দেখতে পারে এবং প্রকৃত সত্যই সেখানে স্থান পায়।
@ইয়াসমিন রিমা