ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসক শফি কামাল স্বপ্নীলকে সাময়িক বরখাস্ত করেন তিনি।
পরিদর্শনে ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি এলাকায় ধুলোবালি-আবর্জনা দেখতে পান প্রতিমন্ত্রী। প্রায় দুই মাস আগে অবৈধ স্থাপনা ও ময়লা সরানোর নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্টেডিয়ামের দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাশাপাশি স্টেডিয়ামটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও জানান আমিনুল হক।
@ইয়াসমিন রিমা