ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনা শহরের জয়নগর এলাকায় ভাড়া বাসা থেকে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা কোয়ার্টারসংলগ্ন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে।
স্বর্ণা নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণকাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে জয়নগর এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি স্বর্ণার সঙ্গে তার স্বামীর মনোমালিন্য চলছিল। রোববার ভোরে স্বর্ণা শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সকাল ৯টার দিকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার মরদেহ দেখতে পায়। ঘরে তল্লাশি চালিয়ে একটি ডায়েরির পাতায় লেখা চিরকুট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চিরকুটে স্বর্ণা মা-বাবা, ভাই ও স্বজনদের উদ্দেশে ভালোবাসা ও ক্ষমা চেয়েছেন। স্বামীর দেওয়া একটি প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় কষ্ট পাওয়ার কথাও সেখানে উল্লেখ করেছেন। পাশাপাশি ময়নাতদন্ত না করার অনুরোধ জানিয়ে তাকে সরাপাড়া কবর দেওয়ার কথা লিখেছেন।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, চিরকুটের বক্তব্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা আত্মহত্যা করেছেন। তবে এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হওয়ায় আইন অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
@ইয়াসমিন রিমা