ভেতরের খবর নিউজ ডেস্ক: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার গোলাম রুহানী এবং আলোচিত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন সুদীপ কুমার চক্রবর্তী, কাজী আশরাফুল আজীম, মোহাম্মদ ইকবাল হোসাইন ও রাজন কুমার দাস।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ‘পলায়ন’ ও অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। কমিশন বরখাস্তের সিদ্ধান্তে সম্মতি দেওয়ার পর গত ১০ আগস্ট রাষ্ট্রপতি প্রস্তাবটি অনুমোদন করেন।
ছয় কর্মকর্তার মধ্যে বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এবং গোলাম রুহানী ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। তাদের কয়েকজনকে এর আগে সাময়িক বরখাস্ত করে বিভিন্ন রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
@ইয়াসমিন রিমা