নারী চালকের পিংক বাস নামলো ঢাকার সড়কে

ভেতরের খবর নিউজ ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরপরই নারী চালকেরা বাসের স্টিয়ারিংয়ে বসে যাত্রী পরিবহনের প্রস্তুতি নেন।

প্রাথমিকভাবে ঢাকায় ১০টি বাস নিয়ে এ সেবা শুরু হয়েছে। রাজধানীর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। সব মিলিয়ে ১৪টি বাস পিংক বাস সার্ভিসের আওতায় থাকছে।

ঢাকায় নয়টি রুটে চলবে এসব বাস। রুটগুলো হলো নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর।

বিআরটিসি জানিয়েছে, এসব রুটে মোট ১৩৪টি স্টপেজ থাকবে। বাসগুলোতে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। একটি বাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ওয়াই-ফাই এবং তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাসগুলোতেও এসব সুবিধা যুক্ত করা হবে।

পিংক বাসের নারী চালক খাদিজাতুল রিমা বলেন, আগে তিনি প্রাইভেট কার, স্কুটি ও মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। বিআরটিসিতে নারী প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। পরে গাজীপুরে এক মাস ১৩ দিনের বাস চালানোর প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিংক বাসের চালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নারী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন খাদিজাতুল রিমা।

বিআরটিসি বলছে, যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানো হবে। পরিবহন খাত আধুনিকায়নের অংশ হিসেবে সরকার ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যেও নারীদের জন্য বাস রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পিংক বাস সার্ভিসের জন্য ১০০টি ইলেকট্রিক ভেহিকেল কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের মতো উদ্বোধনের কয়েক মাস পর যেন এ ধরনের সেবা বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে।

উদ্বোধনের পর মঙ্গলবার বিকেল থেকে চাহিদা অনুযায়ী বাস চলতে পারে। তবে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রীসেবা বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *