ভেতরের খবর নিউজ ডেস্ক: কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আগুন লাগার পর ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত অতিথিরা আটকা পড়েন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও চার বছরের একটি শিশু রয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটি থেকে প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ভবনের ত্রুটিপূর্ণ ভেন্টিলেশন ব্যবস্থা ও সরু জরুরি বহির্গমন পথ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
আগুনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়াই হতাহতের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা এবং জরুরি বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেকের জন্য নিরাপদে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকা মধ্য কলকাতার বাজেট হোটেলের জন্য পরিচিত। বাংলাদেশি দর্শনার্থীদের মধ্যে, বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া ব্যক্তিদের কাছে এসব হোটেল বেশ জনপ্রিয়। ফলে এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের এত বেশি প্রাণহানি নিয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুনের প্রকৃত কারণ ও ভবনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।
@ইয়াসমিন রিমা