ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসিন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত তাসিন বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মূধাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোসলের জন্য বাড়ি থেকে বের হয় তাসিন। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার স্যান্ডেল পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তাসিন পুকুরে নামার পর আর উঠে আসেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।