ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে বনপাড়া পৌর বিএনপির তিন নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন, পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ, যুবদল কর্মী আসলাম হোসেন ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা আহত হয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, চায়ের দোকানে বসে থাকা বিএনপি নেতা-কর্মীদের ওপর ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় একটি চায়ের দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।” হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।