ভেতরের খবর নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে বিএনপির এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু।
রোববার রাতে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। সোমবার এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার করা হয়েছে।
দলীয় চিঠিতে বলা হয়, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দিতে তাকে সাত দিনের সময় দেওয়া হলেও তিনি তা মানেননি। পরে দলের ভাবমূর্তি রক্ষায় তাকে সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বাড়ি দখলের অভিযোগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে বাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কালী গ্রামে চার শতক জমির ওপর বেলাল হোসেন প্রায় ১০-১২ বছর আগে দোতলা বাড়ি নির্মাণ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে গেলে এবং পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে গেলে মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে বাড়িটির কয়েকটি কক্ষ তার আত্মীয়দের ভাড়া দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। তিনি বাড়ি দখল করেননি, নিজেদের জমি ফেরত নিয়েছেন। তিনি আরও জানান, সোমবার সকালে বাড়ি থেকে মালামাল সরিয়ে নিয়ে তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা বলেন, অন্যের বাড়ি দখল করা গুরুতর অপরাধ। দলীয় নির্দেশ না মানায় দলের ভাবমূর্তি রক্ষার্থে মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
@ইয়াসমিন রিমা