ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে ‘হারাম’ ঘোষণা করে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তা সহ্য করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান হবে কঠোর।
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি নিজে কিংবা অন্য কোনো নেতা অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তথ্য-প্রমাণসহ তা গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি।
এ ছাড়া মব, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা তুলে ধরে রাশেদ খান বলেন, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্য করতে পারবেন না। সালিশের নামে কেউ অফিস খুলে কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
@ইয়াসমিন রিমা