ভেতরের খবর নিউজ ডেস্ক: মুখে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা না বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।
কাজী জেসিন জানান, বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী শাসনামলে বিটিভিকে দলীয় ও ফ্যাসিবাদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতার সংকটে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবে কী হয়েছে, তা দেশবাসী জানেন বলেও মন্তব্য করেন তিনি।
কাজী জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরবে না প্রধানমন্ত্রী এটিকে আরও আধুনিক, অনন্য ও মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠানে দেখতে চান। পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা কঠিন হলেও লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
@ইয়াসমিন রিমা