ভেতরের খবর নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে একটি পক্ষের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। এ জন্য সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। একপর্যায়ে অপর পক্ষের কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাত পান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
@ইয়াসমিন রিমা