ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভীটি তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ওসি শাহীনুজ্জামান শাহীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আহত হন। দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
@ইয়াসমিন রিমা