ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়াসহ একটি চক্র ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় আরেক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী প্রিয়া আক্তার অভিযোগ করেন, মঙ্গলবার সকালে সাদিয়া তাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেন। আরও কয়েকজনের কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন বলে দাবি করেন প্রিয়া।
এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান সাদিয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয়রা সাদিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা