ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শিল্পের মূল চালিকাশক্তি বিদ্যুৎ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সংকটে পড়েছে। বিজিএমইএ সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় পোশাকশিল্পের উৎপাদন অর্ধেকের নিচে নেমে যাওয়ার বিষয়টি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে শ্রমিক ছাঁটাই, বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল এবং ক্রেতাদের প্রতিযোগী দেশগুলোর দিকে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
জামায়াত আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে হবে। গত ৭ সেপ্টেম্বরও বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের অভিজ্ঞ টেকনিক্যাল এক্সপার্ট টিম সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে অতীতেও সংসদে কথা বলা হলেও সরকার সংকট অস্বীকার করেছে। বর্তমানে সংসদের ভেতরে কার্যকর ভূমিকা রাখতে না পেরে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন বলেও জানান ডা. শফিকুর রহমান।
এর আগে সকালে তিনি বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন।
@ইয়াসমিন রিমা