ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের সমালোচনা করে তাকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
রাশেদ খান দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও ‘ডামি এমপিদের’ প্রটেকশন দিয়েছেন। এমনকি অন্তত একজন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে দায়িত্বে থাকার সময় আসিফ মাহমুদকে কয়েকবার সরাসরি সতর্ক করেছিলেন বলেও জানান রাশেদ খান।
তার দাবি, বিষয়টি এনসিপির নেতাদের জানালে তারা আসিফ মাহমুদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন। পাশাপাশি নাহিদ ইসলাম গণমাধ্যমে ‘দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই’ এমন বক্তব্য দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছেন এবং তৎকালীন তার এপিএস মোয়াজ্জেমের বিষয়ে বেশ কিছু তথ্য নিজের কাছে আসার দাবি করেন রাশেদ খান। এসব তথ্য অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকেও জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষ দিকে এনসিপির সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি দাবি করেন, নেতারা এসব অভিযোগ ও তথ্য সম্পর্কে অবগত বলেই এমন অবস্থান নিয়েছেন। শেষ পর্যন্ত আসিফ মাহমুদকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
@ইয়াসমিন রিমা