ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
সম্প্রতি স্বাক্ষরিত এক বিশেষ ধন্যবাদপত্রে নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার বড় ধরনের ক্ষতি হয়েছে।
বালেন্দ্র শাহ বলেন, সংকটময় সময়ে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলারের সহায়তা নেপালের চলমান ত্রাণ ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময়োপযোগী ও উদার সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান।
এ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় শোক প্রস্তাব গ্রহণের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ভৌগোলিক প্রতিবেশী হিসেবে নয়, বরং ঐতিহাসিক জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে। দুর্যোগের সময়ে বাংলাদেশের এই মানবিক সহযোগিতা নেপালের জনগণের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
@ইয়াসমিন রিমা