ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে ভিডিওটি কেন্দ্র করে নানা মন্তব্যের মুখে পড়তে হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে কিছু আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল। তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
পাভেলের ক্যারিয়ারের শুরু হয় ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দুই বাংলায় পরিচিতি পান তিনি।
পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর। ধারাবাহিকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
@ইয়াসমিন রিমা