ভেতরের খবর নিউজ ডেস্ক: নওগাঁর সাপাহারে ১০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সোনাডাঙ্গা আটবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩৫) এবং মো. সাবেদ আলীর ছেলে মো. মনিরুল (২৭)।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাডাঙ্গা বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পরে জব্দ করা মালামালসহ আটক দুজনকে সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
@ইয়াসমিন রিমা


