ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যুবসমাজকেই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ‘সবার জন্য বাংলাদেশ’।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব।
স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণেরা মানুষের কল্যাণে কাজ করছেন। দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তাদের এই শক্তি, সাহস ও মেধাকে কাজে লাগাতে হবে।
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মেধাবী তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নে কাজ করছে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে, প্রয়োজনে যার পরিমাণ আরও বাড়ানো হবে।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


