ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী মনোনীত হয়েছেন রাবি থেকে।
সাড়ে ছয় বছর পর ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গত সোমবার প্রকাশিত তালিকায় রাবির ২৮ শিক্ষার্থীর নাম রয়েছে।
মনোনীতদের মধ্যে পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া ও বায়োকেমিস্ট্রি বিভাগের মোছা. মরিয়ম খাতুন সর্বোচ্চ ৩.৯৮ সিজিপিএ অর্জন করেছেন। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী ৩.৯৭ সিজিপিএ পেয়েছেন। মেডিকেল সায়েন্সেস বিভাগের দুই শিক্ষার্থীর ফলাফল শতাংশ হিসেবে প্রকাশ করা হয়েছে।
ইউজিসি জানিয়েছে, তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।
উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


