ভেতরের খবর নিউজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
রোববার (১৮ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
আইনজীবী জানান, বকেয়া কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের মূল আদেশ স্থগিত হয়নি। তবে দ্রুত অর্থ আদায়ের জন্য এনবিআরকে চাহিদাপত্র জারির নির্দেশনা স্থগিত করা হয়েছে। মামলাটির চূড়ান্ত শুনানি আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পাঁচ অর্থবছরের বকেয়া কর বাবদ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন। পরে পূর্ণাঙ্গ রায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করে কর আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়।
গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে ওই কর দাবির বিরুদ্ধে হাইকোর্টে দুটি রিট আবেদন করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১০ সেপ্টেম্বর নতুন বেঞ্চ প্রতিষ্ঠানটির রিট আবেদন খারিজ করে দেন।
ফলে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দ্রুত কর আদায়ের প্রক্রিয়া স্থগিত থাকলেও ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের মূল আদেশ বহাল রয়েছে।
@ইয়াসমিন রিমা


