পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ভেতরের খবর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পদত্যাগে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ইশরাক।

ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত তথ্য প্রকাশিত হয়েছে। এতে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দলও বিব্রত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়ে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান। সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরদিন তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ইশরাক ও তাঁর প্রেস কর্মকর্তা তা অস্বীকার করেছিলেন।

সোমবার সংবাদ সম্মেলনে ইশরাকের বক্তব্য অনুযায়ী, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। তবে পদত্যাগের আনুষ্ঠানিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে পৃথক সরকারি বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরিত্যক্ত ব্যাগেঃ আগ্নেয়াস্ত্র উদ্ধার

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৬…

    গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশনা স্থগিত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশনা স্থগিত করেছেন আপিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *